Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী কর্মীদের জন্য যেসব উদ্যোগ নিচ্ছে সরকার

Initiatives taken by the government for expatriate workersProbashircityWebPopupUpdate

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে প্রবাসীরা সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এছাড়া ১২টি বেসরকারি ব্যাংক প্রবাসীদের ঋণ দেওয়ার অনুমতি পেয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সোনালী ও অগ্রণী ব্যাংকের দুর্গম অঞ্চলের শাখায় প্রবাসী কল্যাণের বুথ চালু করা হবে। প্রবাসীরা দূতাবাসে নানা ভোগান্তির শিকার হন, এজন্য অভিযোগ জানানোর সুযোগ রাখা হবে এবং নিয়মিত তা মনিটর করা হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে পরিবর্তন আনা হবে বলেও তিনি সতর্ক করেন। এ সময় তিনি আরও জানান, ওয়েজ আর্নার্স বন্ডে এক কোটি টাকার সীমা বাতিল করা হয়েছে, ফলে প্রবাসীরা আরও সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

ড. আসিফ নজরুল বলেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সময়ক্ষেপণ কমাতে এখন থেকে শুধু বিএমইটি ও দূতাবাসের অনুমোদন লাগবে; মন্ত্রণালয়ের আলাদা অনুমোদন লাগবে না। এতে অন্তত ৩০ দিন সময় সাশ্রয় হবে। সাব-এজেন্টদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে, যা অভিবাসন ব্যয় কমাবে। রিক্রুটিং এজেন্সির কার্যক্রমের ওপর ভিত্তি করে রেটিং দেওয়া হবে, এতে প্রতিযোগিতা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় সম্প্রতি আরব আমিরাতে ৫৭ জন প্রবাসী মুক্তি পেয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজারের জট নিরসনেও এ কূটনৈতিক সম্পর্ক কাজে লাগানো হবে। অচিরেই ইতালি বা চীনে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়ে যারা যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র ২৫ শতাংশ ফেরত পেয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, সিন্ডিকেটসহ যে কোনো দুর্নীতি তদন্তের আওতায় আনা হবে। বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের ভিআইপি সেবা ও বিশেষ লাউঞ্জ ব্যবহারের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে নারী নির্যাতন রোধে একটি কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম চালুর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate