আগামী ১৪৪৮ হিজরি সনের পবিত্র হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরবের সঙ্গে একটি নতুন চুক্তি সই করেছে ওমান। সোমবার জেদ্দায় দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওমানের পক্ষে ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল মামারি এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক ফাওজান আল রাবিয়া চুক্তিতে সই করেন। মূলত ওমান থেকে যাওয়া হজযাত্রীদের পবিত্র হজ পালনকে আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই চুক্তির আওতায় ওমানের নাগরিক ও প্রবাসীরা দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজ পালনের সুযোগ পাবেন। চুক্তিতে ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রীদের তথ্য নিবন্ধন থেকে শুরু করে আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোতে সেবার বিষয়ে বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের বিমানবন্দরগুলো দিয়ে হজযাত্রীদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সে বিষয়েও দুই দেশ একযোগে কাজ করবে।
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সাথে এমন নিবিড় সম্পর্ক বজায় রাখছে ওমান। গত ১৪৪৭ হিজরি সনের হজে চমৎকার ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে ওমানকে ‘লাবায়তুম’ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে চলমান হজ প্রদর্শনীতেও বিশেষ প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে ওমানের ধর্ম মন্ত্রণালয়।








