Opens in a new tab
সর্বশেষ

সিএনজি বেচে টাকা দিলেন দালালকে, জুটল ভুয়া ভিসা

SdsdsdWeb Popup (3)

উজ্জ্বল ভবিষ্যতের আশায় উপার্জনের একমাত্র সম্বল সিএনজিচালিত অটোরিকশা বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন মোকাদ্দির নামের এক যুবক। সৌদি আরবের ভুয়া ভিসা ধরিয়ে দিয়ে তাঁর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদরের সরকার বাজার এলাকার বাহাদুরপুর গ্রামে।

ভুক্তভোগী মোকাদ্দিরের প্রতিবেশী প্রবাসী সখিনা বেগম তাঁকে সৌদি আরবে ড্রাইভিং ভিসার প্রলোভন দেখান। ভিসার দাম নির্ধারণ করা হয় সাড়ে চার লাখ টাকা। সখিনাকে বিশ্বাস করে নিজের সিএনজিটি বিক্রি করে টাকার ব্যবস্থা করেন ওই যুবক। এরপর চাচা মামুন মিয়াকে সাক্ষী রেখে সিলেটে যান তিনি। সেখানে ফতেপুর গ্রামের সুমন মিয়া নামের এক দালালের মধ্যস্থতায় চুক্তিপত্র করে প্রথম দফায় ৫০ হাজার টাকা তুলে দেন।

টাকা দেওয়ার মাত্র দশ দিনের মাথায় সখিনা ও চক্রের মূল দালাল শরীফ মিয়া মোকাদ্দিরের মুঠোফোনে একটি ভুয়া ভিসা পাঠিয়ে আরও টাকার জন্য চাপ দিতে থাকেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী মৌলভীবাজারের পূবালী ব্যাংকে আরও ৫০ হাজার টাকা জমা দেন। এরপর শরীফের নির্দেশনায় টেংরা বাজারের একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে আরও ৮০ হাজার টাকা বুঝিয়ে আসেন তিনি।

সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর গত পাঁচ মাস ধরে তাঁকে কেবল আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে দালাল চক্রটি, উল্টো এখন টাকা ফেরত দিতেও তারা সাফ অস্বীকৃতি জানাচ্ছে। প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেও অবশ্য হাল ছাড়েননি মোকাদ্দির; নিজের চেষ্টায় নতুন একটি ভিসার ব্যবস্থা করে সম্প্রতি তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।

তবে অভিযুক্ত সুমন মিয়ার দাবি ভিন্ন। তিনি জানান, মোকাদ্দির তাঁর আত্মীয় এবং তাঁকে সাক্ষী রেখেই প্রথম দফায় টাকা দেওয়া হয়েছিল। সুমনের ভাষ্যমতে, ভিসা আসতে কিছুটা দেরি হচ্ছিল, কিন্তু মোকাদ্দির ধৈর্য না ধরে অন্য মাধ্যমে সৌদি চলে যান। এখন তিনি বিদেশ থেকে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা জানেন। সামাজিকভাবে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হলেও মোকাদ্দির তাতে সাড়া দিচ্ছেন না। সালিসে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ীই টাকার ফয়সালা হবে বলে জানান সুমন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সখিনা বেগম ও শরীফ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)