Opens in a new tab
সর্বশেষ

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

Rsz 731d3f35 9a1e 4e8b b1de 3e715e27370dWeb Popup (3)

সৌদি আরবের আসির প্রদেশে ঘন কুয়াশার কারণে সর্বোচ্চ ‘লাল সতর্কতা’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। একই সঙ্গে কাসিম প্রদেশে মাঝারি বৃষ্টিপাত এবং জাজান ও রিয়াদে কুয়াশার কারণে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। সোমবার এই আবহাওয়া সতর্কতা জারি করে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারীদের সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আবহাওয়া দপ্তর জানায়, আসির প্রদেশের আভা, আহাদ রুফায়দাহ, আল নামাস, বলকার্ন, তানোমাহ এবং খামিস মুশাইত এলাকায় সোমবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই লাল সতর্কতা বহাল ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে এসব এলাকায় দৃষ্টিসীমা এক কিলোমিটার বা তার নিচে নেমে আসে।

অন্যদিকে, কাসিম প্রদেশের আবানাত, আল খাবরা, আল রাস, আল ফাওয়ারাহ, আল নাভানিয়াহ, রিয়াদ আল খাবরা, দারিয়াহ এবং উখলাত আল সুকুরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়। এনসিএম সতর্ক করে জানিয়েছে, এখানে বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের তীব্র শঙ্কা রয়েছে। এই বৈরী আবহাওয়ায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে।

এদিকে, জাজানের আল হারস, আল দাইর, আল রিথ, আল আরিদাহ, আল ইদাবি, ফায়ফা এবং হারুবে রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার কারণে কমলা সতর্কতা জারি ছিল। এ সময় দৃষ্টিসীমা এক থেকে তিন কিলোমিটারে নেমে আসার কথা বলা হয়েছে। রিয়াদের আল জুলফি, আল গাত, আল মাজমাআহ এবং শাকরাতেও সকাল ১০টা পর্যন্ত একই ধরনের সতর্কতা বলবৎ ছিল।

দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম আরও জানিয়েছে, জাজান, আসির এবং আল বাহার কিছু অংশে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে, যা পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যার কারণ হতে পারে। এছাড়া মক্কা ও রিয়াদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়ার কারণে ধূলিঝড় সৃষ্টি হয়ে বেশ কিছু এলাকায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে আসতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)