দেড় মাস আগে ছুটি কাটাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন মাহবুবুর রহমান (৬৪)। আগামী ডিসেম্বরেই তার আবারও কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না। কক্সবাজারের চকরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দীর্ঘ ৩০ বছর ধরে প্রবাসে থাকা এই রেমিট্যান্সযোদ্ধা। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। ঘটনার দিন তিনি সাতকানিয়া থেকে নিজের মোটরসাইকেলে করে চকরিয়ায় যাচ্ছিলেন। পথে অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়েন। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সড়কের পাশেই তার মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহত মাহবুবুর রহমানের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ জানান, তার মামা দীর্ঘ তিন দশক ধরে সৌদি আরবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তার দুই ছেলেও ব্যবসার সঙ্গে জড়িত। দেড় মাস আগে দেশে ফেরা এই প্রবাসীর আগামী ডিসেম্বরেই আবারও সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও
চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।










