হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পোল্যান্ড প্রবাসীর লাগেজ চুরির চেষ্টার অভিযোগে এক নারী প্রবাসীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতা ও সিসিটিভি ফুটেজের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।
জানা যায়, ভুক্তভোগী ওই যাত্রী পোল্যান্ডে শেফ হিসেবে কাজ করেন। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরার সময় তিনি মূল ফ্লাইটে উঠতে না পারলেও তার লাগেজটি আগের ফ্লাইটেই ঢাকায় পৌঁছায়। অন্যদিকে, সৌদি আরবের একটি হাসপাতাল থেকে চার বছর পর দেশে ফেরা এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিজের লাগেজ সংগ্রহের পর বেল্টে পড়ে থাকা পোল্যান্ড প্রবাসীর রঙিন লাগেজটিও কৌশলে নিজের ট্রলিতে তুলে বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে এয়ার এরাবিয়ার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে লাগেজটি নিজের দাবি করলেও, ব্র্যান্ড বা কেনার স্থান সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি ওই নারী। পরে সিসিটিভি ফুটেজ ও ট্যাগ যাচাই করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। মূল্যবান মালামাল অক্ষত অবস্থায় ফেরত পেয়ে ভুক্তভোগী যাত্রী ‘টিম এয়ারপোর্ট’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।









