ওমানে জাতীয় দিবসের আনন্দ-উল্লাস শেষে রাস্তাঘাট পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে মাসকট মিউনিসিপ্যালিটি। উৎসবের পর সড়ক ও ফুটপাতে ছড়িয়ে থাকা খালি রঙের স্প্রে ক্যান, ফিতা ও প্লাস্টিকের খেলনা শহরের সৌন্দর্য নষ্ট করছে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের চাপও দ্বিগুণ বেড়ে গেছে। মিউনিসিপ্যালিটি জানিয়েছে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে শহর পরিষ্কার রাখাই প্রকৃত উৎসবের অংশ।
অন্যদিকে, উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ থেকে বিরত থাকতে নাগরিক ও প্রবাসীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ওমানের পাবলিক প্রসিকিউশন। অনুমতি ছাড়া আতশবাজি ফোটানো বা ফাঁকা গুলি ছুড়লে ২০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। জনসমাগমে এমন কাজ করলে তিন মাসের কারাদণ্ড, ৩০০ রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া জনসমক্ষে পরিচয় গোপন করতে মুখোশ পরলে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পাবলিক প্রসিকিউশন আরও জানিয়েছে, ১০ বা এর বেশি মানুষ জড়ো হয়ে জনশৃঙ্খলা নষ্ট করলে কিংবা কর্তৃপক্ষের নির্দেশে সরে না গেলে এক বছরের কারাদণ্ড বা ৫০০ রিয়াল জরিমানা করা হবে। আর এতে কোনো ধরনের সহিংসতা জড়িত থাকলে শাস্তি বেড়ে তিন বছরের জেল বা এক হাজার রিয়াল জরিমানা হতে পারে।










