কুষ্টিয়া সদরের ৩৩টি স্থানে চাঁদাবাজি চলছে এবং এক ব্যক্তি রাতের বেলা তাঁকে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকা ভাগ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, ‘আমার কাছে সন্ত্রাসী টাইপের একজন রাতের বেলা এসে বলে, “আপনি তো আলেম মানুষ, বেশি না, দুই টাকা করে খাবেন।” হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।’
রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে। বর্তমানে দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বর্তমানে মাছ ধরার জন্য প্রায় ৩০ হাজার ট্রলার সমুদ্রে যায়, অথচ নিবন্ধিত ট্রলারের সংখ্যা মাত্র ৮ হাজার। বাকি ২২ হাজার ট্রলার নিবন্ধনের বাইরে থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, আইআইইআরের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম ও বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









