ওমানের পুরোনো ওয়াদি আল-আক সড়কে একটি ট্রাকের বেপরোয়া ওভারটেকিংয়ের ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাহাড়ি ও সরু এই সড়কে বড় একটি ট্রাক নিয়ম ভেঙে অন্য একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির একদম মুখোমুখি চলে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান ওই গাড়ির চালক।
ভিডিওতে দেখা যায়, সরু দুই লেনের পাহাড়ি সড়কে একটি সাদা ট্রাককে ওভারটেক করে কমলা রঙের একটি ট্যাংকার ট্রাক সরাসরি বিপরীত লেনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে সামনে থাকা ছোট গাড়িটিকে বাধ্য হয়ে সড়কের পাশে থেমে যেতে হয়। ট্রাকটি প্রায় গাড়িটির গায়ের কাছে চলে এসে কোনোমতে পাশ কাটিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাহাড়ি এই সড়কে নিয়মিত প্রচুর ছোট গাড়ি চলাচল করে। এরপরও ভারী ট্রাকগুলোর এমন বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। তারা সড়কে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।









