বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, ইউনূস সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই গত বছর ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন টিউলিপ। তিনি জানান, বিষয়টি নিয়ে একজন আইনজীবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই আইনজীবী তাঁকে পরামর্শ দিয়েছেন যে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি তাঁর রয়েছে। টিউলিপ বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেখ হাসিনার শাসনামলে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। পূর্বাচলে নিজের পরিবারের জন্য প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে একটি প্লট দুর্নীতির মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন। এর আগে ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করে তিনি দাবি করেছিলেন, তাঁর খালা ও ড. ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।
আরও
টিউলিপ সিদ্দিক দাবি করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানতে তিনি বারবার চেষ্টা করলেও তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশ সরকার। এমনকি লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করার জন্য তাঁকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তাঁর সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।’
নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না। তাঁর ভাষ্য, ‘আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।’
বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাঁকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তবে টিউলিপকে নিয়ে স্টারমার বারবার প্রশ্নের মুখে পড়ায় শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত জানানো হয়।












