সর্বশেষ

একসময় সৌদিতে নিষিদ্ধ ছিল ‘জিটিএ’ গেম, এখন নিজেরাই মালিকানায়

SaudiWeb Popup (3)

গত বছর পর্যন্ত সৌদি আরবে নিষিদ্ধ ছিল জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)। তবে সময় পাল্টেছে। দেশটির নাগরিকেরা এখন শুধু বৈধভাবে এই গেম খেলছেনই না, বরং গেমটির মালিকানার একটি বড় অংশ রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের কাছে।

২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গেমটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। সম্প্রতি গেমটির নতুন সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) বাজারে এসেই বাজিমাত করেছে। বিশ্বজুড়ে অগণিত ভক্তের সঙ্গে গেমটি খেলায় মেতে উঠেছেন সৌদি গেমাররাও। জানালাবিহীন ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বসে স্থানীয় কনটেন্ট নির্মাতা থামের আল দাইরেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সৌদি আরবে বৈধভাবে জিটিএ ৬ খেলতে পারার বিষয়টি তাঁকে ভীষণ আনন্দ দিচ্ছে। একসময় দেশটিতে নিষিদ্ধ থাকা বিশ্বের সবচেয়ে বড় এই গেম এখন সবাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে সৌদি আরবে গেমিং খাতে সরকারি সহায়তা ও বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০২৩ সালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গেমিং তাঁকে দৈনন্দিন চাপ থেকে বিচ্ছিন্ন হতে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে।

এলএসইজি ওয়ার্কস্পেসের তথ্য অনুযায়ী, যুবরাজের নেতৃত্বাধীন সার্বভৌম সম্পদ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের’ (পিআইএফ) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘টেক-টু ইন্টারেক্টিভ’-এ ২০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে। এই প্রতিষ্ঠানটিই গ্র্যান্ড থেফট অটোর নির্মাতা ‘রকস্টার গেমস’-এর মূল মালিক।

এর বাইরেও বিশ্ব গেমিং বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করে চলেছে সৌদি আরব। গত আগস্টে পিআইএফসহ একটি কনসোর্টিয়াম ৫ হাজার ৫০০ কোটি ডলারে গেমিং জায়ান্ট ‘ইলেকট্রনিক আর্টস’ কিনে নেয়। আর চলতি মাসে গেমিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউনিটি সফটওয়্যার’ সম্ভাব্য প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রির বিষয়ে পিআইএফসহ অন্যান্য বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)