রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশ করার পর একদল লোক তাঁকে ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি তিনি।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ভবনের ছাদ দিয়ে লাইভে এসে উদ্ধারের আকুতি জানান এক সাংবাদিক। লাইভে তিনি দাবি করেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে, এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে এবং লিফট বন্ধ করে রাখায় সাংবাদিক ও কর্মীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ সময় তাঁদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও
লাইভে বৈশাখী টেলিভিশনের আরেক কর্মী জানান, একদল লোক ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নিয়ে যাচ্ছে—এমন খবর পেয়ে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করে মূল ফটক ভাঙার চেষ্টা চালাচ্ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে বনানী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলে।
অবরুদ্ধ অবস্থায় আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথা জানিয়ে নিরাপত্তার কারণে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা লাইভে প্রকাশ করেননি সাংবাদিকেরা। লাইভের শেষ দিকে এক সাংবাদিক আকুতি জানিয়ে বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান। কিছু মানুষ অতর্কিত হামলার চেষ্টা করছেন।’










