ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই ও জরিমানা করার ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে মোটরযান পরিদর্শক (এমভিআই) সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৮ নভেম্বর আসামের জোরহাট শহরের আন্তঃরাজ্য বাস টার্মিনালের কাছে সড়ক নিরাপত্তা অভিযানের সময় পরিবহন বিভাগের কর্মকর্তারা সেনাবাহিনীর একটি জিপসি গাড়ি থামান। জোরহাট সামরিক স্টেশনের ৪১ সাব-এরিয়ার অধীন ওই গাড়িতে চালকসহ দুই সেনাসদস্য সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স ও সিটবেল্ট ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে জোরহাটের জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় শইকীয়া স্পষ্ট করেছেন, বেসামরিক ড্রাইভিং লাইসেন্স না থাকায় সেনাচালককে জরিমানা করা হয়নি; বরং সিটবেল্ট না পরার অভিযোগেই জরিমানা করা হয়েছে। ভারতের মোটরযান আইন, ১৯৮৮–এর ১৮ ধারা অনুযায়ী, বৈধ সামরিক ড্রাইভিং লাইসেন্সধারীরা পৃথক বেসামরিক লাইসেন্স ছাড়াই সারা দেশে অনুমোদিত প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালাতে পারেন। তবে সেনাবাহিনীর গাড়িও সাধারণ সড়ক নিরাপত্তা বিধি মেনে চলতে বাধ্য।
আরও
ঘটনাটির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, আসামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু হয়। ওই অভিযানে জোরহাটে ১৮৯টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে এবং ১৬টি গাড়ি জব্দ করা হয়েছে।











