ফিলিপাইনের বালের এলাকায় পর্যটকদের পারাপারের সময় হঠাৎ তার ছিঁড়ে ভেঙে পড়েছে একটি ঝুলন্ত সেতু। এতে সেতুর মাঝের অংশ একদিকে কাত হয়ে গেলে বেশ কয়েকজন পর্যটক নিচে নদীতে পড়ে যান। অন্যরা সেতুর তার আঁকড়ে ধরে কোনোমতে প্রাণে বাঁচেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর নদীতে পড়া পর্যটকেরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছেন।
জানা গেছে, একই পরিবারের ১৫ জন পর্যটক সেতুটি পার হচ্ছিলেন। এ সময় সংযোগকারী একটি তার ছিঁড়ে গেলে পাঁচজন নদীতে পড়ে যান। তাঁরা সবাই নুয়েভা এসিজার কাবানাতুয়ান সিটি থেকে ঘুরতে এসেছিলেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় দুজন পর্যটক আহত হয়েছেন। তবে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের ধারণা, সেতুটি অনেক পুরোনো হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সেতুটি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। মূল শহরে যেতে তাঁদের এখন বিকল্প মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে যাতায়াতের সময় প্রায় ২০ মিনিট বেড়ে গেছে।
আরও










