জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে তার যাত্রা বিলম্বিত হচ্ছে। ত্রুটি ধরা পড়ার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে যাত্রা বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি কৃষি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।











