যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে দীর্ঘ চার মাস পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গত সোমবার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রণালি পার হতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে জ্বালানি (বাংকারিং) গ্রহণ এবং অন্যান্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। বিএসসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জাহাজে অবস্থানরত সব নাবিক ও ক্রু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে নির্মিত এই জাহাজটি গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। কিন্তু এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করলে ওই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
আরও
গত ১১ মার্চ জাবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে জাহাজটির কুয়েতে যাওয়ার কথা ছিল। তবে সামগ্রিক নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বিএসসি কর্তৃপক্ষ জাহাজটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তী সময়ে জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেয়। কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটিকে দীর্ঘ চার মাস সেখানেই আটকে থাকতে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে এই দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে জাহাজটি নিরাপদে গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে।



![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)





