Long Popup (2)
সর্বশেষ

ওমানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, আহত ৩

88ProbashircityWebPopupUpdate

ওমানের নিজুয়া এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. হোসাইন (৪২) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। নিহত হোসাইন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে মসজিদ এলাকার নুরুজ্জামান সিকদারের ছেলে। তিনি সাবেক চর জগবন্ধু এলাকার গণি সিকদারবাড়ির বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় এক বছর আগে ওমানে পাড়ি জমান হোসাইন। সেখানে তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। গত রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আরও তিন বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কোম্পানির গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন তিনি। পথে নিজুয়া এলাকার মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাঁদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহত অপর তিন বাংলাদেশিকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হোসাইনের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাগনে মো. রায়হান বলেন, জীবিকার তাগিদে মাত্র এক বছর আগে পরিবারের স্বপ্ন পূরণে ওমানে গিয়েছিলেন তাঁর মামা। কিন্তু এক দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিল। হোসাইনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক সন্তানসহ মোট দুটি সন্তান এবং বৃদ্ধ মা-বাবা রয়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন একেবারেই দিশাহারা হয়ে পড়েছে।

এদিকে নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান জানান, নিহত প্রবাসী মো. হোসাইনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate