১ জুলাই থেকে সৌদি আরবে বসবাসরত অনেক প্রবাসী বড় ধরনের আইনি বিপদে পড়তে যাচ্ছেন। যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে শেষ হয়ে আছে, বুধবার থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ প্ল্যাটফর্ম ‘কিওয়া’। এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে ওই সব কর্মীর নাম তাদের নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু করবে।
কিওয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মঙ্গলবারই কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের শেষ দিন। এরপর কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় পার হয়ে গেলে তাকে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। এর ফলে ওই প্রবাসী কর্মীরা সৌদিতে তাদের আইনি বৈধতা হারাবেন এবং দেশে ফেরত যাওয়াসহ চরম অনিশ্চয়তার মুখে পড়বেন।
তবে এই নিয়মের একটি বিশেষ ব্যতিক্রমও রাখা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিট এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার তারিখ ভিন্ন হয় এবং ইকামার মেয়াদ অন্তত ১৮০ দিন বা তার বেশি বাকি থাকে, তবে ওই কর্মীর নাম আপাতত প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে না। কিন্তু ইকামার মেয়াদ যদি ১৮০ দিনের কম থাকে, তবে আসন্ন বিপদ ও আইনি জটিলতা থেকে বাঁচতে নিয়োগকর্তাকে অবশ্যই ইকামার পাশাপাশি ওয়ার্ক পারমিটও নবায়ন করতে হবে।








