মালয়েশিয়ার পেনাং সিটিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আবু হানিফ নোমান (৫৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আবু হানিফ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পেনাং সিটিতে নিজের কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত হন আবু হানিফ। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেনাং সিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহতের ফুফাতো ভাই বাচ্চু জানান, আবু হানিফ ১৯৯২ সাল থেকে দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রবাসজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে তিনি পরিবার ও দেশের অর্থনীতিতে নিরবচ্ছিন্নভাবে অবদান রেখে আসছিলেন।
দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এই রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে তাঁর নিজ গ্রাম বাসুটিয়াসহ পুরো গফরগাঁও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের বটবৃক্ষকে হারিয়ে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা।
আরও
বর্তমানে মালয়েশিয়ায় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরহুমের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে আবু হানিফ নোমানের এমন অকালমৃত্যুতে গফরগাঁও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।










