চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে ১২ তলার জানালার কার্নিশ থেকে ছিটকে পড়া তিন বছর বয়সী এক শিশুকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন ছয় ব্যক্তি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুটিকে ফিরিয়ে আনার এই অভাবনীয় সাহসিকতার স্বীকৃতিস্বরূপ স্থানীয় কর্তৃপক্ষ ওই ছয় হিরোকে ‘গুড সামারিটান’ বা মানবিক সহায়তাকারী সম্মাননায় ভূষিত করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত জানিয়েছে।

গত ১৭ অক্টোবর সকালে মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত। শিশুটির মা বাজারে এবং বাবা কর্মস্থলে থাকায় সে ঘরে একাই ছিল। ঘুম থেকে উঠে মা-বাবাকে না পেয়ে সে জানালার কাছে যায় এবং একপর্যায়ে তারের জালে গলা আটকে ১২ তলার বাইরে শূন্যে ঝুলে পড়ে। বিপজ্জনক ওই অবস্থার একটি ছবি আবাসিক এলাকার চ্যাট গ্রুপে ছড়িয়ে পড়লে দ্রুত ছুটে আসেন নিরাপত্তাকর্মী চেন ইউজি এবং লিন বিং, চেন ওয়েনশুইসহ আরও কয়েকজন প্রতিবেশী। শিশুটির মুখ কালচে হয়ে শ্বাসকষ্ট শুরু হতে দেখে তারা ১৩ তলা থেকে উদ্ধারে ব্যর্থ হয়ে ১১ তলার জানালায় অবস্থান নেন।
আরও


সেখানে কোনো ধরনের নিরাপত্তাসামগ্রী ছাড়াই চেন ইউজি জানালার ফ্রেম ধরে শিশুটির পায়ের নিচে একটি ছোট টুল চেপে রাখেন, আর অন্যরা পেছন থেকে তার পা শক্ত করে ধরে রাখেন। উচ্চতা ভীতি ও প্রচণ্ড শারীরিক ধকল উপেক্ষা করে তারা প্রায় আধা ঘণ্টা ধরে শিশুটিকে এভাবেই শূন্যে আগলে রাখেন। এ সময় তারা শিশুটিকে অভয় দিয়ে শান্ত রাখারও চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘরের দরজা ভেঙে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এমন নিঃস্বার্থ সাহসিকতার জন্য শিশুটির মা-বাবা ওই ছয় উদ্ধারকারীকে বিশেষ সম্মাননা পতাকা উপহার দিয়েছেন।










