রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে উদ্ধার হওয়া দুটি শক্তিশালী গ্রেনেড নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অবস্থান করছিলেন। পরিস্থিতি বিবেচনায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে পেছনের বিকল্প ফটক দিয়ে নিরাপদে বের করে নেওয়া হয়।

পরে দুপুর ২টার দিকে পবা উপজেলার পাকুড়িয়া আশ্রয়কেন্দ্রের পেছনের একটি ফাঁকা মাঠে তিন ফুট গভীর গর্তে বালুর নিচে রেখে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। পুলিশ ও এসআরবি-৫ সূত্র জানিয়েছে, বিধ্বংসী ক্ষমতার এই গ্রেনেডগুলো সাধারণত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। প্রাথমিকভাবে এগুলো মিয়ানমারে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
আরও
বিমানবন্দরের প্রধান ফটকে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য পাহারায় থাকার পরও কীভাবে সেখানে এমন বিস্ফোরক এল, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং এসআরবি-৫ জানিয়েছে, এর নেপথ্যের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এরই মধ্যে যৌথ গোয়েন্দা নজরদারি ও নিবিড় অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।











