সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের ‘সিরিজ ২৯২’ লাইভ ড্রতে ভাগ্য ফিরেছে তিন প্রবাসীর। ‘বিগ স্পিন’ ড্রয়ের মাধ্যমে মিসর, ভারত ও পাকিস্তানের এই তিন প্রবাসী মোট আড়াই লাখ দিরহাম জিতে নিয়েছেন। এর মধ্যে মিসর ও ভারতের দুই প্রবাসী এক লাখ করে এবং ড্রতে উপস্থিত না থেকেও এক পাকিস্তানি প্রবাসী ৫০ হাজার দিরহাম নগদ পুরস্কার জিতেছেন।
এক লাখ দিরহাম বিজয়ী মিসরীয় প্রবাসী গাসের এলাগামি পেশায় একজন অ্যাকাউন্ট ম্যানেজার, যিনি ১৯ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। স্ত্রীসহ এই জয়ে আনন্দে আত্মহারা গাসের জানান, পুরস্কারের অর্থ তিনি সন্তানদের পড়াশোনা ও প্রপার্টিতে বিনিয়োগ করবেন। অন্যদিকে, এক লাখ দিরহাম বিজয়ী ২৭ বছর বয়সী ভারতীয় তরুণ প্রীতম কুমার দুবাইয়ের একজন মেকানিক। গত এক বছর ধরে ১৯ জন বন্ধুর সঙ্গে মিলে নিয়মিত টিকিট কিনছিলেন তিনি। প্রীতম জানান, জাদুকরী এই পুরস্কারের টাকা তারা বন্ধুরা মিলে সমানভাবে ভাগ করে নেবেন।
এই ড্রয়ের অন্যতম চমক ছিলেন পাকিস্তানি প্রবাসী এনাম উল হাসনাইন। তিনি ড্র অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে নিয়ম অনুযায়ী, বিগ টিকিট কর্তৃপক্ষ তার প্রতিনিধি হিসেবে স্পিন চাকাটি ঘোরায়। আর তাতেই তার কপাল খুলে যায় এবং তিনি জিতে নেন ৫০ হাজার দিরহামের বিশাল নগদ পুরস্কার। সূত্র: গালফ নিউজ










