সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ওমানে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বিপজ্জনকভাবে ওভারটেকিংয়ের অভিযোগে এক ট্রাকচালককে আটক করেছে দেশটির পুলিশ। ওমানের দাহিরাহ গভার্নরেট পুলিশ এবং ইবরি স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে ওই চালককে আটক করা হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এক লেনের (সিঙ্গেল লেন) একটি সড়কে ওই ট্রাকচালক অত্যন্ত বেপরোয়াভাবে সামনের গাড়িগুলোকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার এই অপ্রত্যাশিত ও বিপজ্জনক চালনার কারণে ওই সড়কে চলাচল করা অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল।
ভিডিওটি সাধারণ মানুষের নজরে আসার পরপরই এটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে তারা কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। দাহিরাহ পুলিশ এবং ইবরি স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে প্রযুক্তির সহায়তা নিয়ে ওই ট্রাকচালককে শনাক্ত করে এবং তাকে থামাতে সক্ষম হয়।
আরও
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নিরাপত্তা আইন অমান্য করা এবং সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকিতে ফেলার অভিযোগে আটক ওই চালকের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ওমান প্রশাসন বরাবরই সড়ক দুর্ঘটনারোধে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এমন বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকে।










