একসময়ে কুমিল্লায় বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম আলাউল আকবর। আলোচিত সেই চেয়ারম্যান এবার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে গেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর ইউপি চেয়ারম্যান সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছিলেন তাঁর স্ত্রী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২১ সেপ্টেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। সম্প্রতি আত্মগোপন ভেঙে এলাকায় ফেরার পর মঙ্গলবার তিনি আদালতে হাজির হন।
আরও
এদিকে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং পরবর্তীতে তাঁর কারাবাসের ঘটনায় শিদলাই ইউনিয়ন পরিষদের স্বাভাবিক নাগরিক সেবাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বেন বলে মনে করছেন স্থানীয়রা।











