মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন জয়পুরহাটের মো. দুলাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জের মো. কামরুল ইসলাম (৫২)। তাদের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে মালদ্বীপে থাকা দুলাল হোসেন গত ৫ নভেম্বর রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এরপর রাজধানী মালের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় মঙ্গলবার (১০ নভেম্বর) তার মরদেহ দেশে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, উন্নত ভবিষ্যতের আশায় চড়া সুদে ঋণ করে মাত্র এক মাস আগে মালদ্বীপে গিয়েছিলেন কিশোরগঞ্জের কামরুল ইসলাম। শারীরিক অসুস্থতার কারণে ৬ নভেম্বর হাসপাতালে ভর্তির দিন বিকেলেই তিনি মারা যান। অপ্রত্যাশিত এই মৃত্যুতে দুই সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী হোসনে আরা বেগম। শেষবারের মতো স্বামীর মুখ দেখতে তিনি সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফেরানোর আকুতি জানিয়েছেন।
আরও
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।











