বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন পুনরায় ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। সোমবার (১৭ আগস্ট) ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। এমন লক্ষ্যের জন্য তিনি ভারতীয়দের কিছুটা ধৈর্য ধারণ করারও আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে তাঁর এই বক্তব্যের বিস্তারিত তথ্য জানা গেছে।
প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রামদেব অভিযোগ করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায় চরম নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছে, যা মানবসভ্যতার ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতার দৃষ্টান্ত। অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ ধর্মান্তরকরণ এবং ছত্তিশগড়ে এ সংক্রান্ত আইন নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান—কোনো ধর্মই এখন হুমকির মুখে নেই। তাঁর মতে, ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের যেসব অভিযোগ ওঠে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। তিনি মনে করেন, বর্তমানে হুমকির মুখে রয়েছে কেবল ভারতের সম্মান ও মর্যাদা।
ভারতের ভবিষ্যৎ ও বৈশ্বিক অবস্থান নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন এই যোগগুরু। তিনি ভারতকে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। রামদেব বলেন, তিনি এমন একটি সময় দেখতে চান যখন ভারতীয় রুপি মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ডের সমকক্ষ হবে। পাশাপাশি ভারতের পাসপোর্ট এতটা শক্তিশালী হবে যে, বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের আগাম ভিসার প্রয়োজন পড়বে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর কাছ থেকে ভারত যেন সমান সম্মান ও মর্যাদা লাভ করে, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আরও
সূত্র: ইন্ডিয়া টুডে।




![]jhgj](https://probashtime.net/wp-content/uploads/2026/08/jhgj.webp)





