রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি প্রবাসীদের উদ্দেশে জারি করা এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ে তথ্য আদান-প্রদান ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এখানে না জেনে বা তথ্য যাচাই না করে কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও শেয়ার করলে আইনি বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার মতো সংবেদনশীল বিষয়ে যেকোনো কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক বা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি কোনো তথ্য শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানায়, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন, সামাজিক মূল্যবোধ ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে এমন কোনো কনটেন্ট ছড়ানো থেকে বিরত থাকার ওপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার যেমন প্রবাসীদের আইনি ঝামেলা থেকে মুক্ত রাখবে, তেমনি বহির্বিশ্বে বাংলাদেশ ও এর নাগরিকদের ইতিবাচক ভাবমূর্তিও সমুন্নত রাখবে। তাই সচেতনতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আইনসম্মতভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।





![]jhgj](https://probashtime.net/wp-content/uploads/2026/08/jhgj.webp)





