সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপর ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি শিগগিরই ঢাকা সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে ইউএই প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের অকৃত্রিম সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ওই হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের সমগ্র জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
চিঠিতে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারি আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইউএই প্রেসিডেন্ট। এ ছাড়া বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেন। শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন, তাঁর এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।









