উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রানওয়ে থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী একটি ফ্লাইট। যাত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখে মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। তিনি উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটি পুনরায় বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনেন।
বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে বিজি-৩৬৩ ফ্লাইটটির চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষে উড়োজাহাজটি যখন রানওয়েতে অবস্থান করছিল, ঠিক তখনই কেবিন ক্রুরা পাইলটকে এক যাত্রীর গুরুতর অসুস্থতার কথা জানান।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, জরুরি চিকিৎসা সহায়তার জন্য উড্ডয়ন বাতিল করে তাঁকে বোর্ডিং ব্রিজে ফিরে যেতে হবে। সে সময় এটিসির পক্ষ থেকে জানানো হয়, আকাশে দুটি সামরিক উড়োজাহাজ অবতরণের অপেক্ষায় রয়েছে; সেগুলো নামার পরই ফ্লাইটটিকে ফেরার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে বিমানের ভেতরে তাৎক্ষণিক কোনো চিকিৎসা সহায়তার প্রয়োজন আছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। জবাবে পাইলট জানান, গ্রাউন্ড সার্ভিস প্রস্তুত রয়েছে এবং অসুস্থ যাত্রীকে বিমানের ভেতরেই অক্সিজেন দেওয়া হচ্ছে।
আরও
কিছুক্ষণ পর সামরিক উড়োজাহাজ দুটি নিরাপদে অবতরণ করলে বিমানের ওই ফ্লাইটটিকে বোর্ডিং ব্রিজে ফেরার অনুমতি দেওয়া হয়। সেখানে অসুস্থ যাত্রীকে নামিয়ে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রীকে নামিয়ে রাখার পর দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি আবারও চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে। বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটিতে পরিচালিত এই ফ্লাইট প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ৩টা ৭ মিনিটে নিরাপদে চেন্নাই পৌঁছায়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তাকে সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, আর সেই দায়িত্ববোধ থেকেই দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

![]](https://probashtime.net/wp-content/uploads/2026/04/unnamed-file-1.webp)







