বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও রাস্তায় অবৈধ রেসিংয়ের দায়ে ৫ চালককে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। শাস্তিস্বরূপ অভিযুক্তদের গাড়িগুলো ক্রাশার মেশিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় সাধারণ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করায় তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।
সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘনের একটি ভিডিও কর্তৃপক্ষের হাতে আসে। সেই ভিডিওর সূত্র ধরে দ্রুত তদন্তে নামে কুয়েতের নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগ। ভিডিওটি নিবিড়ভাবে বিশ্লেষণ করে অভিযুক্ত চালকদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের গাড়িগুলোও জব্দ করা হয়।
ট্রাফিক আইন ভঙ্গ করায় ওই পাঁচ চালকের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ট্রাফিক আইনের ধারা অনুযায়ী জব্দ করা গাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, রাস্তায় বেপরোয়া গতি বা রেসিংয়ের মতো জীবন বিপন্ন করা কোনো কর্মকাণ্ড কিছুতেই বরদাশত করা হবে না।










