যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। মাঝআকাশে ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কবলে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সল্ট লেক সিটি থেকে অ্যামস্টারডামের উদ্দেশে রওনা দিয়েছিল ডেল্টার ফ্লাইট নম্বর ৫৬। প্রায় ৯ ঘণ্টার যাত্রা শুরুর দুই ঘণ্টার মাথায় প্রবল ঝাঁকুনির শিকার হয় বিমানটি। পরিস্থিতি সামাল দিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিনিয়াপোলিস বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
ডেল্টা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, অবতরণের পরপরই জরুরি চিকিৎসা দল বিমানবন্দরে হাজির হয়ে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ফ্লাইটটিতে মোট ২৭৫ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন।
আরও
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) জানায়, ২০০৯ সাল থেকে টার্বুলেন্সজনিত ঘটনায় ২০০-এর বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ধরনের ঝাঁকুনির সময় বিমানে সিটবেল্ট না বাঁধা থাকলে যাত্রীরা আসন থেকে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ‘সিভিয়ার টার্বুলেন্স’ বা তীব্র ঝাঁকুনির সময় বিমানে প্রায় ১.৫ জি-ফোর্সের চাপ সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যে যাত্রীদের ভারসাম্য নষ্ট করতে পারে। ফ্লাইট চলাকালীন সিটবেল্ট বাঁধা রাখা কেন জরুরি—এ ঘটনা আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।











