গাজী নজরুল ও আমির হামজারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য অভিশাপ হিসেবে নাজিল হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, সম্প্রতি ইসলামি বক্তা আমির হামজার যে অডিও কথোপকথন ছড়িয়ে পড়েছে, তা কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো নয়।

নিজের শেয়ার করা তথ্যের শতভাগ সত্যতা রয়েছে দাবি করে রাশেদ খাঁন জানান, এর আগে তিনি জামায়াতের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ও ল্যাপটপ চুরির ঘটনা ফাঁস করেছিলেন। এছাড়া দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠক এবং আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারির তথ্যও তিনি যথাযথ যাচাই করেই প্রকাশ করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এসব তথ্যের বিন্দু পরিমাণও মিথ্যা নয় এবং এগুলো ভুয়া প্রমাণ করে তার বিরুদ্ধে মানহানির মামলা করার মতো নৈতিক সাহস ওই নেতাদের নেই।
আরও
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—জামায়াতের এই পরিচিত স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, দলটিতে এখন কারা নেতৃত্ব দিচ্ছে, তিনি শুধু সেই আসল মুখোশটিই উন্মোচন করতে চেয়েছেন। তার মতে, গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, অতীতে যাদের বিরুদ্ধে নারীঘটিতসহ নানা অপকর্মের পাহাড়সম অভিযোগ ছিল, তারাই এখন সুন্নতি লেবাসে জামায়াতের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।









