সর্বশেষ

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

Image 353834 1795593380 (1)Web Popup (3)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তীব্র সমালোচনার মুখে পড়েছেন। হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা এবং ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করার অভিযোগ তুলে তার ভিসা অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিভিন্ন ইহুদি ও হিন্দু সংগঠন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ দ্য অস্ট্রেলিয়ান এবং টাইমস অব ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় গিয়ে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন জামায়াত আমির। তবে তার এই সফর নিয়ে যৌথ বিবৃতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

সংগঠন দুটির অভিযোগ, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তাকে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। একই সঙ্গে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করেছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতায় দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ বলায় দলটির অতীত ইতিহাস নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে কড়া শর্তে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও এমন বিতর্কিত নেতাকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ব্যাখ্যা ও জবাব দাবি করেছে গোষ্ঠীগুলো।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি ইসরায়েলি রাজনীতিকদের ভিসা বাতিলের উদাহরণ টেনে বলেন, সামাজিক সংহতি ও বিভাজনের আশঙ্কায় যেখানে ইসরায়েলিদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সেখানে হামাস নেতাদের মহিমান্বিত করা একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো? অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং মন্তব্য করেন, নৃশংসতাকে সমর্থনকারী বা নীরব দর্শকের ভূমিকা পালনকারীদের স্বাগত জানানো হলে তা অস্ট্রেলীয়দের মধ্যে সামাজিক সংহতি ও সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে।

এদিকে সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। তার দাবি, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তার উপস্থিতি দেশটির সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানের উপস্থিতি এবং সেখানে কয়েকজন সংসদ সদস্যের যোগ দেওয়ার খবরও প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)