জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সহজ-সরল ও সাদাসিধে মনের মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন আরেক পরিচিত বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। দীর্ঘদিন খুব কাছ থেকে মেশার অভিজ্ঞতার আলোকে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে আমির হামজাকে নিয়ে যারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন, তাদের সুবুদ্ধি ও হেদায়েত কামনায় বিশেষ দোয়াও করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা তুলে ধরেন জুবায়ের আহমাদ তাশরীফ। পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে মুফতি আমির হামজার সঙ্গে তার ব্যক্তিগত চলাফেরা ও নিবিড় সম্পর্ক রয়েছে। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি আমির হামজাকে একজন ‘মজলুম আলেমেদ্বীন’ হিসেবে উল্লেখ করে তার সরলতার কথা প্রকাশ্যে এনেছেন।
ফেসবুক পোস্টের শেষ অংশে জুবায়ের তাশরীফ মুফতি আমির হামজার মর্যাদা ও সম্মান আরও বৃদ্ধি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার বা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের প্রতি ক্ষোভ না দেখিয়ে বরং আল্লাহ যেন তাদের সঠিক উপলব্ধি দান করেন, সেই কামনাই করেছেন এই বক্তা।










