মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের রেকর্ড পাওয়া গেছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে এক লিখিত জবাবে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। খবর দ্য স্টারের।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরই রয়েছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি ঘটনা)। এ ছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ এবং ফিলিপাইনের ১৫৭ জন নাগরিক এই তালিকায় রয়েছেন। আয়ের হিতাম আসনের সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিওংয়ের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সাইফুদ্দিন। তিনি ২০২৩ সাল থেকে সোশ্যাল ভিজিট পাসে এসে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও খাতভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন; তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত জবাবে খাতভিত্তিক কোনো তালিকা দেওয়া হয়নি।
লিখিত জবাবে সাইফুদ্দিন নাসিউশন স্পষ্ট করে বলেন, সামাজিক সফর বা পর্যটনের জন্য দেওয়া সোশ্যাল ভিজিট পাস কিংবা ভিসা অব্যাহতি সুবিধা কোনো বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় কাজ করার বা ব্যবসা পরিচালনার অধিকার দেয় না। ইস্যুকৃত পাসের শর্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের যেকোনো কাজ বা বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, কেউ ব্যবসা করতে চাইলে অবশ্যই লাইসেন্স সংক্রান্ত শর্তাবলি পূরণসহ অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।










