ইরানের মধ্যাঞ্চলের বাহজাতাবাদে পাহাড়ের ভেতরে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনার মাঝামাঝি অবস্থিত এই কমপ্লেক্স কী কাজে ব্যবহৃত হবে, তা এখনো স্পষ্ট নয়। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তোলা ছবি বিশ্লেষণ করে বুধবার এ তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমি প্রস্তুতের মাধ্যমে শুরু হওয়া এই প্রকল্পের অবকাঠামোর বড় অংশের কাজ গত ২৪ নভেম্বরের মধ্যেই শেষ হয়েছে। বর্তমানে প্রশাসনিক ভবন ও নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ চলছে, যা সম্পন্ন হলে বেষ্টনীর আওতায় প্রায় ৪৯ বর্গকিলোমিটার এলাকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাণের গতি ও নিরাপত্তাব্যবস্থা দেখে গবেষকদের ধারণা, কমপ্লেক্সটি ক্ষেপণাস্ত্র মোতায়েন বা কৌশলগত অস্ত্র সংরক্ষণে ব্যবহৃত হতে পারে।
পারমাণবিক কর্মসূচির সঙ্গে এর যোগসূত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি, যদিও এমন সম্পর্কের পক্ষে এখনো চূড়ান্ত প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক ও পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টার মাঝেই এই নির্মাণের খবর সামনে এল। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) হামলার শিকার স্থাপনাগুলোতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ও সেন্ট্রিফিউজের মজুত যাচাই করতে পারছে না।
আরও
ইরানের কয়েকজন রক্ষণশীল নেতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সদস্যপদ পুনর্বিবেচনার আহ্বান জানালেও এখন পর্যন্ত পারমাণবিক নীতি বদলানোর কোনো সরকারি ঘোষণা আসেনি। নতুন কমপ্লেক্সটির প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্থাপনায় পর্যবেক্ষকদের প্রবেশাধিকার ও সরেজমিন যাচাইয়ের সুযোগ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।










