সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। গতকাল রোববার রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত যাঁদের পরিচয় জানা গেছে, তাঁরা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। শনাক্ত হওয়া এই ১০ জন হলেন—কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক এবং তাঁর দুই ছেলে মহুন প্রামাণিক ও সুমন প্রামাণিক, একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন ও ফজলুর ছেলে কলি প্রামাণিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাঁচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
আরও


স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি পাঁচজন পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার অধিবাসী। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে নিহতদের মধ্যে ঠিক কতজন নওগাঁ বা অন্য জেলার বাসিন্দা, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। সোমবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।





