বিশ্বের অন্যতম জটিল এক অস্ত্রোপচার সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের চিকিৎসকেরা। শুক্রবার টানা সাড়ে ১৮ ঘণ্টার অস্ত্রোপচারের পর ফিলিপাইনের জোড়া লাগানো যমজ শিশু ক্লিও ও মরিস অ্যানকে সফলভাবে আলাদা করা হয়।
সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীনস্থ কিং আবদুল আজিজ মেডিকেল সিটির কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেনস হাসপাতালে এই বিরল অস্ত্রোপচার সম্পন্ন হয়। মেডিকেল ও সার্জিক্যাল দলের প্রধান চিকিৎসক আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, অস্ত্রোপচারের চতুর্থ ও পঞ্চম ধাপ সফলভাবে শেষ হয়েছে। এই ধাপগুলোতে মাথার খুলি পুনর্গঠন, কসমেটিক রিপেয়ার এবং তা বন্ধ করার মতো অত্যন্ত স্পর্শকাতর কাজ করা হয়। এর আগে অস্ত্রোপচারের প্রথম তিনটি ধাপও সফলভাবে সম্পন্ন হয়েছিল বলে জানান তিনি।
আরও
চিকিৎসক আল-রাবিয়াহ আরও জানান, সৌদি কনজয়েনড টুইনস বা জোড়া লাগানো যমজ শিশু পৃথকীকরণ কর্মসূচিটি বিশ্বব্যাপী শিশু ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের মানবিক ও চিকিৎসাক্ষেত্রের মর্যাদাকেও সুসংহত করেছে। সেইসাথে তিনি পুরো চিকিৎসক দলের প্রশংসাও করেন।








