ওমানের রুস্তাকের হাশা গ্রাম। চারপাশের রুক্ষ পাহাড় আর পুরোনো দুর্গঘেরা এই জনপদে হঠাৎ মাটির নিচ থেকে প্রবল বেগে বেরিয়ে আসছে স্বচ্ছ পানি। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো জাদুকরি প্রাকৃতিক ফোয়ারা। মূলত সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টির কারণেই এমন অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই বিস্ময়কর ঘটনার পেছনে রয়েছে শত শত বছরের পুরোনো এক ঐতিহ্যবাহী সেচব্যবস্থা। এলাকাটির মাটির নিচ দিয়ে জালের মতো ছড়িয়ে আছে প্রাচীন ‘ফালাজ’ নামের সেচ প্রণালি। বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর বেড়ে যাওয়ায় সেই ফালাজ ব্যবস্থা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর সেই অতিরিক্ত পানিই এখন মাটির গভীর থেকে প্রবল বেগে ভূপৃষ্ঠে উপচে পড়ছে।

আরও
বৃষ্টির দিনগুলোতে এই পানির স্রোত আরও বেড়ে যায়, তখন চারপাশের দৃশ্য হয়ে ওঠে আরও মোহনীয়। এলাকাটিতে এমন বেশ কিছু অগভীর জলাশয়ের সৃষ্টি হয়েছে, যেখানে শিশুরা নিরাপদে ও আনন্দে জলকেলি করতে পারে। একদিকে পাহাড়, অন্যদিকে প্রাচীন স্থাপত্য আর তার মাঝ দিয়ে বয়ে চলা এমন স্বচ্ছ পানির ধারা- সব মিলিয়ে জায়গাটি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে।











