ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে এখন থেকে উগান্ডার নাগরিকরা শর্ত সাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে তাদের অবশ্যই উগান্ডা ত্যাগের পর অন্তত ২১ দিন অতিবাহিত হওয়ার প্রমাণ দিতে হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (আইসিপি) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
যৌথ বিবৃতিতে আমিরাতি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, উগান্ডার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও কঙ্গো এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ভিসা ও প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ আগের মতোই বহাল থাকছে। তবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে উগান্ডা ত্যাগের ২১ দিনের শর্ত থাকলেও, আমিরাতে অবস্থিত উগান্ডা দূতাবাসের সাধারণ পাসপোর্টধারী প্রশাসনিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে সরাসরি প্রবেশের সুযোগ পাবেন। পাশাপাশি, উগান্ডা সরকারের ইস্যু করা কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীরাও অনুমোদিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ ছাড়ের আওতায় আমিরাতে প্রবেশ করতে পারবেন।
আরও
এছাড়া মানবিক ও চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আলাদাভাবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণকারীদের ক্ষেত্রে নির্দিষ্ট রোগের অনুমোদিত মেডিকেল রিপোর্ট, আমিরাতের যে হাসপাতালে চিকিৎসা নেবেন তার নাম এবং চিকিৎসা শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক। এ ধরনের আবেদনগুলো সম্পূর্ণ ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে মূল্যায়ন করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।








