সর্বশেষ

ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে

Terrible fire in israel, could turn into wildfireWeb Popup (3)

ইসরায়েলের একটি বনাঞ্চলে আবারও আগুনের সূত্রপাত হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আশপাশের ইহুদি বসতিগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

জানা গেছে, জেরুজালেম শহরের প্রবেশপথ সংলগ্ন রুট ১-এর কাছাকাছি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশেষ করে হার হামেনুহোট কবরস্থানের পাশের বনাঞ্চলে আগুন এখনো জ্বলছে। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে শহরের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে।

দাবানল ঠেকাতে স্থানীয় দমকল বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তায় অতিরিক্ত বিমান আনার কথাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে গত মে মাসেও ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। সে সময় জেরুজালেমের পার্বত্য এলাকায় আগুন ভয়ানক রূপ নেয়, যার ফলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক সহায়তা চেয়ে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করেন। কর্মকর্তারা সেটিকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করেছিলেন।

ওই দাবানলে জেরুজালেম-তেল আবিব মহাসড়কেও আগুন লেগে গিয়েছিল। ফলে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। বিদেশি সহায়তায় আধুনিক কৌশলে পরিচালিত অর্ধশতাধিক অগ্নিনির্বাপক বিমান সেই সময় পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছিল। এবারের পরিস্থিতিও সেদিকেই যাচ্ছে কি না, তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup