নিজেদের ভূখণ্ড কেশম দ্বীপে মার্কিন হামলার কড়া জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে তেহরান এই হামলা চালায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো তেলসমৃদ্ধ দেশ কুয়েতকে নিশানা করল ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি দেশটি। অন্যদিকে, বাহরাইনে ভোরের আলো ফোটার আগেই পরপর দুইবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং মিসাইল বা ড্রোন প্রতিহতের বিকট শব্দ শোনা যায়। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ইরানের হামলার শিকার হলো বাহরাইন।
জানা যায়, গতকাল রাতে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন সেনারা, যাকে তারা ‘আত্মরক্ষামূলক’ বলে দাবি করেছিল। মূলত সেই হামলার প্রতিশোধ নিতেই বিপুল মার্কিন সেনার উপস্থিতির এই দুই দেশের ঘাঁটিতে হামলা চালাল তেহরান। নতুন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েত বলেছে, এর জবাবে পাল্টা হামলা চালানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে।
আরও
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকেই কুয়েত ও বাহরাইন একাধিকবার ইরানের হামলার শিকার হয়েছে। দেশগুলোর বিদ্যুৎকেন্দ্র, পানি পরিশোধনাগার এবং তেল স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতির আগ পর্যন্ত কুয়েতে ১২০০টিরও বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। একই সময়ে বাহরাইনে তারা অন্তত ৭০০ বার হামলা চালিয়েছে।









