সর্বশেষ

ফিলিস্তিনির বাড়িতে হামলা করে ভেড়া চুরি করে পালালো ইসরায়েলিরা!

Bvnews 24 IsraelWeb Popup (3)

দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি ফিলিস্তিনি বসতবাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তি ও তাঁর সন্তানদের আহত করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। শুধু হামলাই নয়, ইসরায়েলি বাহিনীর পাহারায় ফিলিস্তিনিদের গবাদিপশু বা ভেড়াও লুট করেছে তারা। শুক্রবার নাবলুসের দক্ষিণে অবস্থিত বাইতা এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, বসতিস্থাপনকারীদের অতর্কিত হামলায় ওই ফিলিস্তিনি ব্যক্তি ও তাঁর সন্তানেরা আহত হলেও তাঁদের আঘাতের ধরন বা চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার বাইতার আল-দাহরা ও সাহল আল-হারা আল-তাহতাহ এলাকায় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকটি ভেড়া লুট করা হয়, যার ভিডিও চিত্রও ধারণ করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর ছত্রচ্ছায়ায় এমন হামলা ক্রমেই বাড়ছে। গত আগস্ট মাসেই পশ্চিম তীরে রামাল্লা, নাবলুস ও হেবরনসহ বিভিন্ন এলাকায় বসতিস্থাপনকারীরা মোট ৬২৮টি হামলার ঘটনা ঘটিয়েছে।

মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৯৪টি অবৈধ বসতি এবং প্রায় ৪০০টি বসতি-ফাঁড়িতে বর্তমানে প্রায় সাড়ে ৭ লাখ ইসরায়েলি বসবাস করছে। মূলত ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদের লক্ষ্যেই প্রায় প্রতিদিন পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের একাধিক বিশেষ প্রতিবেদক ইতিমধ্যে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি রাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় বসতিস্থাপনকারীদের এই চরম সহিংসতা ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্বের জন্যই বড় ধরনের হুমকি তৈরি করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup