Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ভারসাম্যহীন যুবক উদ্ধার, দেশে পাঠাল প্রবাসীরা

MalyasiaaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় গিয়ে সর্বস্ব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন ফরিদপুরের যুবক আব্দুল রশিদ ব্যাপারী (৩০)। দীর্ঘ ছয় বছর কুয়ালালামপুরের বাংলাদেশি মার্কেট কোতারায়া এলাকায় রাস্তায় রাস্তায় ভবঘুরে জীবন কাটিয়েছেন তিনি। অবশেষে কয়েকজন হৃদয়বান প্রবাসীর উদ্যোগে উদ্ধার হওয়ার পর শুক্রবার (১ মে) রাতের ফ্লাইটে দেশে ফিরেছেন এই হতভাগ্য যুবক। রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনেরা আবেগাপ্লুত হয়ে তাঁকে গ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল রশিদ ব্যাপারীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামে। উন্নত ভবিষ্যতের আশায় আজ থেকে প্রায় ৯ বছর আগে বৈধভাবে চাকরি নিয়েই মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রবাসে যাওয়ার পর প্রথম তিন বছর পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল এবং সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এরপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান রশিদ। দীর্ঘ ছয় বছর ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার, এমনকি তাঁর বেঁচে থাকা নিয়েও শঙ্কায় ছিলেন স্বজনেরা।

কুয়ালালামপুরের কোতারায়া মার্কেটের রাস্তায় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক বাংলাদেশিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রবাসী মো. আদনান ও তাঁর টিমকে খবর দেন। পরে তাঁরা রশিদকে উদ্ধার করেন। অসুস্থতার কারণে শুরুতে রশিদ নিজের পরিচয় ঠিকমতো বলতে পারছিলেন না। তাঁর কাছে কোনো পাসপোর্ট বা পারমিট না থাকায় ফেসবুকে পোস্ট দিয়ে পরিচয় শনাক্ত করা হয়। পরে ডক্টর চাঁদনী, মাহফুজুর রহমান, মো. আরাফাত হোসেন, মো. শামীম সরকার, মো. আর কে রাকিব, মো. দিপু, মো. সাগর, মো. হেলাল হোসেন, মো. রাজিব হোসেন ও মো. সোহেলসহ আরও অনেকের সহায়তায় দূতাবাস থেকে ট্রাভেল পাস এবং ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করা হয়।

সব আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরানোর দিনের অভিজ্ঞতাও বেশ নাটকীয় ছিল। প্রবাসীরা জানান, মালয়েশিয়া বিমানবন্দরে কাউন্টারে চেকআউট করার পর মানসিক ভারসাম্যহীন রশিদ বিমানের কাছে পৌঁছাতে না পেরে দুবার হারিয়ে যান এবং নির্ধারিত ফ্লাইট মিস করেন। কিন্তু হাল ছাড়েননি উদ্ধারকারী প্রবাসীরা। পরে অতিরিক্ত দামে তাৎক্ষণিকভাবে নতুন টিকিট ক্রয় করে ওই রাতেই তাঁকে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত ব্যবস্থা করেন তাঁরা। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের কারণেই দীর্ঘ ছয় বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়েছে রশিদের পরিবার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate