প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে আটকের সময় এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর ভাষ্যমতে, আটকের সময় খোদ পুলিশ সদস্যরাই তাঁর কানে কানে ফিসফিস করে বলেছেন, ‘এই সরকারকে সরান।’ আজ বুধবার (২২ জুলাই) ভারতের শিক্ষাব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এই শীর্ষ নেতা এমন চাঞ্চল্যকর দাবি করেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনের বাইরে হঠাৎ করেই অবস্থান ধর্মঘট শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতা। তাঁদের এমন আকস্মিক বিক্ষোভে নিরাপত্তাকর্মীরা হতবাক হয়ে পড়েন। একপর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের হস্তক্ষেপেও রাহুল গান্ধী বিক্ষোভের জায়গা ছাড়তে রাজি না হওয়ায় বাধ্য হয়ে দিল্লি পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে সরিয়ে দেয় এবং আটক করে।
এই হট্টগোলের মধ্যেই পুলিশ সদস্যরা মোদি সরকারের প্রতি নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাহুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ যখন তাঁকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তারা ফিসফিস করে বলছিল, ‘এই সরকারকে সরান। আমি রাজস্থান থেকে এসেছি, আমি হরিয়ানা থেকে এসেছি। আমরা শুধু ইউনিফর্ম পরে আছি মাত্র।’ বিরোধীদলীয় এই নেতার দাবি, পুলিশ সদস্যরা ওপর মহলের নির্দেশ মানতে বাধ্য হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁরা মোটেও খুশি নন। তাঁরা বুঝতে পারছেন যে অবিচার হচ্ছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের মাঝে তাঁরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।
আরও
এ সময় ভারতের শিক্ষাব্যবস্থার চরম দুরবস্থার কথা তুলে ধরে কংগ্রেস নেতা বলেন, গত এক দশকে দেশে ১৫২টি প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কারও সাজা হয়নি। গড়ে প্রতি মাসে অন্তত একটি করে প্রশ্নফাঁস হয়েছে। এই পরিস্থিতি দেশের সবচেয়ে বড় সম্পদ শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।










