সর্বশেষ

সৌদি আরব থেকে পেস্ট বানিয়ে সোনা পাচার, ঢাকা বিমানবন্দরে আটক ৩

9a17743b ed00 40ad 9ba8 ae4802c02643Web Popup (3)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেট মানের এই সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

++

এপিবিএন জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন কৌশলে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে তাঁর কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যায়, এগুলো ২৪ ক্যারেট মানের সোনার পেস্ট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে অপর দুই আটক ব্যক্তি ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান চালিয়ে আসছিলেন তাঁরা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর আওতায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, পেস্ট আকারে সোনা চোরাচালানের গোয়েন্দা তথ্য পেয়ে গত কয়েক দিন ধরে নজরদারি বাড়ানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬৪৩ ভরি সোনাসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)