ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে লাখ লাখ টাকা খুইয়েছেন এক বিদেশগামী। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভোগা ওই ব্যক্তি প্রতারকদের বিচার, হারানো অর্থের শোক থেকে মুক্তি এবং নিরাপদে বিদেশযাত্রার প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন। শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া বিভিন্ন সামগ্রীর মধ্যে চিঠিটি পাওয়া গেছে।
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি বরাবরের মতোই এবারও পাওয়া যায় মানুষের নানা আবেগ, আকুতি ও প্রার্থনাসংবলিত চিঠি। এর মধ্যে ‘একজন প্রতারিত বিদেশগামী’ পরিচয়ে লেখা ওই চিঠিটি বিশেষভাবে সবার নজর কেড়েছে।
চিঠিতে লেখক ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন, যাতে আর কোনো বিদেশগামী দালালদের প্রতারণার শিকার না হন। পাশাপাশি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করেছেন তিনি। তাঁর মতো প্রতারিত হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সেই প্রার্থনাও তুলে ধরেছেন চিঠিতে।
আরও
নিজের ব্যক্তিগত কষ্টের কথা উল্লেখ করে ওই বিদেশগামী প্রতারণায় হারানো অর্থের শোক ও মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার পাশাপাশি ধৈর্য, মানসিক প্রশান্তি ও হালাল রিজিকের জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন, বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি অনেকেই নিজেদের স্বপ্ন, হতাশা, অসহায়ত্ব ও জীবনের না বলা গল্প চিঠিতে লিখে জমা দেন।










