Opens in a new tab
সর্বশেষ

নুসুক অ্যাপের লটারিতে ফ্রি ওমরাহ জিতলেন ২ বাংলাদেশি

Umrah nusuk makka kaba hajj soudi a2d42f 720x405Web Popup (3)

সৌদি আরবের প্ল্যাটফর্ম ‘নুসুক’ -এর মাসজুড়ে চলা বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশিরা। প্রথম সপ্তাহেই মেগা পুরস্কার হিসেবে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ জিতে নিয়েছেন দুই বাংলাদেশি- মো. খালেদ হোসাইন চৌধুরী এবং রহিমা বেগম। সবচেয়ে বড় চমক হলো, তারা দুজনেই নিজের পছন্দের আরও একজনকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহতে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর বাইরেও প্রতিদিনের লটারিতে বেশ কয়েকজন বাংলাদেশি পবিত্র জমজমের পানি উপহার জিতেছেন।

890121169 1101460362720616 3914643035081363512 n

‘নুসুক’ অ্যাপের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতিদিন একজন করে সৌভাগ্যবান বিজয়ী ওমরাহ পালনের মেগা প্যাকেজটি জিতে নিচ্ছেন। প্রথম দিনের বিজয়ী হয়েছেন মিসরের আহমেদ এলসাইদ মোখতার, দ্বিতীয় দিন সিরিয়ার লিনা কালাশ এবং তৃতীয় দিনের লটারিতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মো. খালেদ হোসাইন চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর চতুর্থ দিন পাকিস্তানের রশিদ আজাদ এবং পঞ্চম দিন মিসরের আজ্জা আলী ইব্রাহিম রমজান বিজয়ী হন। ৬ষ্ঠ দিনের লটারিতে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করেন রহিমা বেগম। এছাড়া ৭ম দিনে মরক্কোর এক নাগরিক বিজয়ী হয়েছেন। ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন জমজমের পানি বিজয়ীদের তালিকাতেও একাধিক বাংলাদেশির নাম রয়েছে।

889986157 1097817179751601 4306353829317722563 n

এই মেগা প্যাকেজের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহর সম্পূর্ণ খরচ সরাসরি বহন করবে সৌদি সরকার। এর মধ্যে রয়েছে বিজয়ীর নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার ফ্রি বিমান টিকিট, ওমরাহ ভিসার ফি, যাবতীয় সরকারি প্রসেসিং এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাতের চমৎকার আবাসন ও হোটেল খরচ।

আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্মার্টফোনে ‘Nusuk’ অ্যাপটি ডাউনলোড করে সাইন-আপ করার পর ‘Game Center’ বা ‘Nusuk Challenge’ অপশনে গিয়ে ইসলামিক সাধারণ জ্ঞানের এমসিকিউ (MCQ) প্রশ্নের সঠিক উত্তর দিলেই নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক র‍্যাফেল ড্র বা লটারিতে যুক্ত হবে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অবশ্যই নুসুক-এর ভেরিফায়েড অ্যাপ ব্যবহার করতে হবে; কোনো ধরনের অননুমোদিত লিংক বা ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)