সংযুক্ত আরব আমিরাতে বাবা-মায়ের অনুমতি ছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অপরাধে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু তাই নয়, কারাবাসের সাজা ভোগ শেষে তাকে দেশটি থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনার সূত্রপাত একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখানে ওই নারী তার পাঁচ বছর বয়সী এক শিশু আত্মীয়ের ভিডিও ধারণ করেন। ভিডিওটিতে শিশুটিকে একটি খাবারের নাম ভুল উচ্চারণ করে মজা করতে দেখা যায়, যা দেখে উপস্থিত স্বজনেরা হাসাহাসি করছিলেন। পারিবারিক পরিসরে এটি নিছক রসিকতা মনে হলেও, বিপত্তি ঘটে যখন ওই নারী শিশুটির বাবা-মায়ের অনুমতি ছাড়াই তার উন্মুক্ত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ১১ হাজারের বেশি মানুষ সেটি দেখে ফেলে।
পরবর্তীতে শিশুটির বাবা অনলাইনে ভিডিওটি দেখতে পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। অনুমতি ছাড়া মেয়ের ভিডিও প্রকাশ করে তার ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতা হুমকির মুখে ফেলার অভিযোগ এনে তিনি সরাসরি কর্তৃপক্ষের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ওই নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ আইন এবং শিশু অধিকার সুরক্ষা (ওয়াদিমা) আইনের আওতায় মামলা দায়ের করা হয়।
আরও
আদালতে অভিযুক্ত নারী ভিডিও প্রকাশের কথা স্বীকার করলেও তার কোনো অসৎ বা ক্ষতিকর উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন। তিনি জানান, অ্যাকাউন্টটি উন্মুক্ত থাকায় ভিডিওটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আদালত তার এই যুক্তি পুরোপুরি খারিজ করে দেন। বিচারক জানান, ক্ষতি করার উদ্দেশ্য না থাকলেও আইনি অনুমতি ছাড়া শিশুর ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করা গুরুতর অপরাধ।
এ বিষয়ে আইনজীবী রশিদ বিন সুয়াইদান সবাইকে সতর্ক করে বলেন, ভিডিও ধারণ করার মানেই সেটি প্রকাশের অনুমতি নয়। এমনকি কেউ ভিডিও ধারণের অনুমতি দিলেও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সম্মতি হিসেবে গণ্য হবে না। তিনি আরও জানান, শুধু মূল প্রকাশকারীই নন, যারা এই ধরনের সংবেদনশীল ভিডিও শেয়ার বা পুনঃপ্রকাশ করবেন, তারাও পরিস্থিতি অনুযায়ী আইনি শাস্তির মুখে পড়তে পারেন।










