Opens in a new tab
সর্বশেষ

মারা গেলেন সৌদি আরবের তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসান

74445545Web Popup (3)

মদিনা মুনাওয়ারার অন্যতম শীর্ষ তাবলিগি মুরব্বি এবং আহলে বাইতের প্রভাবশালী সদস্য শেখ গাসসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিশ্বজুড়ে তাবলিগের দাওয়াতি কাজের সঙ্গে যুক্ত আলেম-উলামা ও অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ সময় ধরে হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), জুবাইরুল হাসান (রহ.) ও ইবরাহিম দেওলার (হাফি.) মতো শীর্ষ আলেমদের সান্নিধ্যে থেকে দ্বীনের মেহনতে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

জানা যায়, প্রায় ৫০ বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভারে গিয়ে শেখ গাসসান ও তার সঙ্গী শেখ ফাদিল তাবলিগের মেহনতে যুক্ত হন। সেখানে ছাত্রজীবনেই তারা উত্তর আমেরিকার আরবদের মাঝে দাওয়াতি কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনায় এবং শেখ ফাদিল জেদ্দায় এই কাজ ছড়িয়ে দেন। আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল।

তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকট নিরসনেও শেখ গাসসানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাবের (রহ.) পরামর্শে ২০১৭ সালে তিনি ও শেখ ফাদিল ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে যান। সেখানে মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ মেটানোর চেষ্টা করলেও নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতায় শেষ পর্যন্ত তাদের ভারত ছাড়তে হয়।

বাংলাদেশের তাবলিগ জামাতের সঙ্গেও তার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে তিনি নিয়মিত বাংলাদেশে আসতেন। ২০২০ সালে করোনা মহামারির সময় ইন্দোনেশিয়া সফরে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার দীর্ঘদিনের দাওয়াতি সঙ্গী শেখ ফাদিল। আর এবার শেখ গাসসানের বিদায়ে তাবলিগ জামাত হারাল একজন অত্যন্ত অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকবার্তায় তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)